নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৫ মার্চ ২০২৬
দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে সংঘাত বা সরবরাহ সংকটের কারণে পণ্যের দাম বাড়লেও দেশের মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি দাবি করেন, গত ১৫-২০ বছরের তুলনায় এবারের রমজানে নিত্যপণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজার শুরুতে কিছু অসাধু চক্র দাম বাড়ানোর চেষ্টা করলেও সরকারের কঠোর তদারকির কারণে তা সফল হয়নি।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, রমজান পরবর্তী সময়ে পাইকারি ও খুচরা বাজারে দামের অস্বাভাবিক ব্যবধান খতিয়ে দেখতে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি’ গঠন করা হবে। ব্যবসায়ী, প্রশাসন ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি বাজার ব্যবস্থার ত্রুটি ও সমাধান খুঁজে বের করবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ নয়, বরং বাজার যেন সুশৃঙ্খলভাবে চলে তা নিশ্চিত করাই সরকারের কাজ। এসময় তিনি দেশের ব্যবসায়ীদের সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে অতি মুনাফা ত্যাগের আহ্বান জানান।
সভায় বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।