২৬ মার্চ, ২০২৬

বন্দি বিনিময় চুক্তিতেই ফিরছে হাদির ঘাতকরা; খুনিদের ছাড়ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বন্দি বিনিময় চুক্তিতেই ফিরছে হাদির ঘাতকরা; খুনিদের ছাড়ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।"

এর আগে সকালে মন্ত্রী রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের স্মৃতিচারণ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় এবং এখানেই প্রথম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে।"

ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "তৎকালীন মেজর জিয়াউর রহমান রাজারবাগের গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন।" একে তিনি বাংলাদেশের স্বাধীনতার 'প্রকৃত ইতিহাস' হিসেবে উল্লেখ করেন।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মূলত মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। জাতি তাদের এই বীরত্বগাথা ও আত্মত্যাগ চিরদিন বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।