২৯ মার্চ, ২০২৬

টানা ৩৯ দিন পর খুলছে স্কুল

টানা ৩৯ দিন পর খুলছে স্কুল

দীর্ঘ ৩৯ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) থেকে ক্লাসরুমে ফিরছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসের দীর্ঘ অবকাশ শেষে সারা দেশে পুরোদমে শুরু হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।

গত ২৬ মার্চ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। তবে দীর্ঘ এই ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী, সিলেবাসের ক্ষতি পুষিয়ে নিতে আগামী টানা ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, আগামী আড়াই মাস প্রাথমিকে কোনো শনিবার ছুটি থাকছে না। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এ বছর রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল ৮ মার্চ থেকে। কিন্তু আইনি জটিলতা ও সরকারি সিদ্ধান্তে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই স্কুলগুলো বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হওয়ায় পাঠদানে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়।

এদিকে স্কুল খোলার পর স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, বছরের প্রথম তিন মাসে নির্বাচন ও উৎসবের কারণে পাঠদান কম হওয়ায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।