নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা ও শৃঙ্খলা ফেরাতে ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি আকস্মিকভাবে সচিবালয়ে উপস্থিত হন। সরকারপ্রধানের এমন ঝটিকা উপস্থিতিতে সচিবালয়জুড়ে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও তোড়জোড় লক্ষ্য করা গেছে।
সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি সরাসরি ৬ নম্বর ভবনে যান। সেখানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন। বিশেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, সে বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
পরবর্তীতে তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন দপ্তর ঘুরে দেখার পর সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রী 'কৃষক কার্ড'-এর একটি ডেমো প্রদর্শনীতে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের ফলে দাপ্তরিক কাজে গতিশীলতা আসবে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে।