নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে একটি পরিত্যক্ত বাগানে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে তৈরি করা অভিনব এক মাদক আস্তানার সন্ধান পাওয়া গেছে। সুকৌশলে লুকানো এই সুড়ঙ্গের ভেতরে বিছানা-বালিশসহ অবস্থান করার যাবতীয় ব্যবস্থা ছিল, যা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে একটি পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের বাগানে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশ ও গাছের ডালপালা দিয়ে সুড়ঙ্গের মুখ এমনভাবে ঢেকে রাখা হতো যে, বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। তবে ভেতরে প্রবেশ করলে দেখা যেত ওঠানামার জন্য সুশৃঙ্খল সিঁড়ি এবং তিন থেকে চারজন মানুষের অবস্থানের সুব্যবস্থা। সম্প্রতি এই সুড়ঙ্গের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় সুজন সাহা নামের এক যুবক তাঁর সহযোগীদের নিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। এটি মূলত মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। বিষয়টি জানাজানি হওয়ার পর গত বৃহস্পতিবার স্থানীয়রা স্বউদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে গুঁড়িয়ে দেয়। অভিযুক্ত সুজন সাহা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাঁর স্ত্রী সুড়ঙ্গ তৈরির বিষয়টি স্বীকার করলেও মাদক সেবনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মাদক সেবনের নিরাপদ আস্তানা হিসেবেই নির্জন বাগানে মাটির নিচে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদকের বিস্তার রোধে এবং জননিরাপত্তার স্বার্থে সুড়ঙ্গটি ধ্বংস করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।