২৮ এপ্রিল, ২০২৬

বর্তমান সরকারের আমলে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ।

বর্তমান সরকারের আমলে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ।

ওয়ান ঢাকা প্রতিবেদন

সরকারের দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে, এবং এসব ঘটনায় যথাক্রমে ৬০৪ ও ৫৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, হত্যায় ১১ জন ও ধর্ষণের অভিযোগে ৭১ জন আসামি বর্তমানে জামিনে রয়েছে।

অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী বাহিনীর ভূমি দখল ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ ছিল। বর্তমান সরকার এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং অপরাধীদের আইনের আওতায় আনায় এ ধরনের কার্যক্রম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে অপরাধমুক্ত সমাজ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পুলিশে বর্তমানে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে, যার মধ্যে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি সরাসরি পুলিশের এবং বাকিগুলো নন-পুলিশ ও আউটসোর্সিংয়ের। পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন করে আরও ১৪,৫০০ পদ (৫০০ এএসপি, ৪ হাজার এসআই, ১০ হাজার কনস্টেবল) তৈরির কার্যক্রম চলছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া, ২ হাজার ৭০৩টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ চলছে এবং সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের পরিকল্পনা রয়েছে। 

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুম কমিশনের তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে। নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দেওয়া অব্যাহত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।