৯ মে, ২০২৬

পাহাড়ে আবার রক্তের হোলি: সাজেকে ইউপিডিএফ সদস্য খুন

পাহাড়ে আবার রক্তের হোলি: সাজেকে ইউপিডিএফ সদস্য খুন

নিজস্ব প্রতিবেদক, বাঘাইছড়ি

পর্যটন নগরী সাজেকের পাহাড়ে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক রাজনীতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সক্রিয় সদস্য। শনিবার ভোরে সাজেকের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হেগেরা চাকমা (৫০) ওই এলাকার রেতকাবার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইউপিডিএফ-এর প্রসীত খীসা সমর্থিত মূল ধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পৌনে ছয়টার দিকে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন হেগেরা। পথেই ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে অতর্কিত ব্রাশফায়ার শুরু করে। মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পাহাড়ের গহীন জঙ্গলে আত্মগোপন করে।

এই ঘটনায় সাজেক জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমা জানান, এলাকাটি দীঘিনালা ও সাজেক সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানে প্রায়ই আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা থাকে। ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ‘নব্য মুখোশধারী’ প্রতিপক্ষ গ্রুপকে দায়ী করেছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া ও লাশ উদ্ধারের কাজ শুরু হবে।

পার্বত্য চট্টগ্রামের এই সংঘাতময় রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন আর কত রক্ত ঝরলে শান্ত হবে পাহাড়? পর্যটন মৌসুমে সাজেকের মতো এলাকায় এমন খুনের ঘটনা পর্যটকদের মনেও ভীতির সঞ্চার করছে। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।