logo
ads
২৮ এপ্রিল, ২০২৬

টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার স্ট্রাইক রেট ২০০-এর উপরে।

অনলাইন ডেস্ক

টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার স্ট্রাইক রেট ২০০-এর উপরে।

16px

ওয়ান ঢাকা প্রতিবেদন

টি-টোয়েন্টি ক্রিকেটে পেশিশক্তির আস্ফালনকে বুড়ো আঙুল দেখিয়ে স্রেফ ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছেন বিহারি বিস্ময় বৈভব সূর্যবংশী। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই ‘টিনএজার’ হিসেবে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় এখন সবার শীর্ষে এই কিশোর। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে যখন আইপিএলের আঙিনায় তার অভিষেক ঘটে, তখন অনেক ক্রিকেটবোদ্ধাই সংশয় প্রকাশ করেছিলেন। তবে সেই সংশয়কে ব্যাটের দাপটে বিস্ময়ে রূপান্তর করেছেন এই রাজস্থান রয়্যালস ওপেনার।

গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। সেখানেই থেমে থাকেননি তিনি; আইপিএল ক্যারিয়ারের ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে তিনি খরচ করেছেন মাত্র ২২৭ বল। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিধ্বংসী ব্যাটারের (২৬০ বল) রেকর্ডও।

গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি তুলে নিয়ে আরও এক বিশ্ব রেকর্ড গড়েন সূর্যবংশী। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে মাত্র ৪৭৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করার গৌরব অর্জন করেছেন তিনি। এটি আইপিএলে তার দ্বিতীয় এবং সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি। অকল্পনীয় ব্যাটিং প্রদর্শনীতে সূর্যবংশী প্রমাণ করছেন, আগামীর ক্রিকেট বিশ্বে তিনি হতে যাচ্ছেন এক অপ্রতিরোধ্য নাম।

হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরির পথে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটে কিশোর ব্যাটসম্যানদের মধ্যে এখন সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। মাত্র ২৬ ইনিংসে সূর্যবংশীর সংগ্রহ ১০৫৮ রান, যার ৫৬৪ রানই এসেছে ৯৪টি ছক্কা থেকে। এর মাধ্যমে তিনি আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের (৫২ ইনিংসে ৯০ ছক্কা) রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

ভারতীয়দের মধ্যে ৫২ ইনিংসে ৫৩টি ছক্কা মেরে এতদিন শীর্ষে ছিলেন ঈশান কিষান। ছক্কার পাশাপাশি কিশোর বয়সে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে। এছাড়া ১০০০ রান করা টিনএজারদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ২০০-এর বেশি। কিশোর বয়সেই এমন আগ্রাসী ব্যাটিং শৈলী ক্রিকেট বিশ্বে নতুন এক বিস্ময়ের জন্ম দিয়েছে। 

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads